মথুরাপুর বড় বাজারে চেয়ারম্যান প্রার্থী ফরজ উল্লাহর পক্ষে পোস্টার বিতরণ ও গণসংযোগ
- আপডেট সময় : ১১:৫৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ২৩১ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ২ নম্বর মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরজ উল্লাহর পক্ষে মথুরাপুর বড় বাজারে পোস্টার বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মথুরাপুর বড় বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট ও জনসমাগমপূর্ণ এলাকায় প্রার্থীর সমর্থকেরা নির্বাচনী পোস্টার বিতরণ করেন। এ সময় ব্যবসায়ী, ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে প্রার্থীর পক্ষে দোয়া ও সমর্থন কামনা করা হয়।
পোস্টারে ইউনিয়নবাসীর উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদকে জনগণের সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলা, জন্মনিবন্ধনসহ নাগরিক সেবা সহজ করা এবং সাধারণ মানুষের হয়রানি কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এ ছাড়া হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, অসহায় মানুষের চিকিৎসায় সহযোগিতা, ইউনিয়নের রাস্তা সংস্কার ও উন্নয়ন এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পরিকল্পনার কথাও পোস্টারে উল্লেখ করা হয়েছে।
পোস্টার বিতরণকালে প্রার্থীর সমর্থকেরা বলেন, গণসংযোগের মাধ্যমে তারা ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা জানার চেষ্টা করছেন। নির্বাচিত হলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে নাগরিক সেবা নিশ্চিত ও এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রার্থীর সমর্থকেরা উপস্থিত ছিলেন। এ সময় বাজারের বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তারা।
ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মথুরাপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ ইতোমধ্যে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ফরজ উল্লাহর পক্ষে পোস্টার বিতরণ ও গণসংযোগের মধ্য দিয়ে তার নির্বাচনী তৎপরতা দৃশ্যমান হলো।




















