ভাঙ্গায় জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৫
- আপডেট সময় : ০৬:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১৭৯ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুলিনা গ্রামে জমি দখল ও গ্রাম্য বিরোধের জেরে মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাল, সরকি, রামদা, টেটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নুরজাহান বেগম (৭৫) নামের এক নারী গুরুতর অবস্থায় রয়েছেন। সংঘর্ষে একাধিক বাড়িঘরে ভাংচুর চালানো হয়।
স্থানীয়রা জানান, বাচ্চু মাতুব্বর ও মিরান মাতুব্বর গংদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ওই গ্রামের প্রবাসী আশরাফ আলী মাতুব্বরের জমি কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
প্রবাসী আশরাফ আলীর দাবি, স্থানীয় মুফতি মাওলানা শাহাদাত হোসেন শওকতের তত্ত্বাবধানে হযরত সুমাইয়া (রা.) মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হলে, জায়গা সংকুলানের কারণে তার একটি ঘর মাদ্রাসাকে ভাড়া দেওয়া হয় এবং কিছুদিন ভাড়াও গ্রহণ করা হয়। পরে গ্রাম্য বিরোধের জেরে মিরান মাতুব্বর ও শওকত গংরা জমিটি মাদ্রাসার দাবি করে ভাড়া দেওয়া বন্ধ করে দেয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
মামলার হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন হাবিব, মিজানুরসহ কয়েকজনের বাড়িঘরে হামলা চালায় এবং ভাংচুর করে। এতে নুরজাহান বেগম গুরুতর আহত হন। ঘটনার জেরে বিকেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত মিরান মাতুব্বরকে আটক করে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরবর্তীতে আরও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।




















