ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২৩ আহত শতাধিক
- আপডেট সময় : ১০:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ১৩৯ বার পঠিত
কিশোরগঞ্জের ভৈরবে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলির সঙ্গে একটি কন্টেইনার ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি যাত্রীসহ উল্টে যায়। এই সংঘর্ষের ঘটনায় একে একে বেরিয়ে আসছে রক্তাক্ত মরদেহ। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ও শতাধিক আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে । নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম।
তিনি বলেন, কিশোরগঞ্জে থেকে ছেড়ে আসা এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। আর কনটেইনার ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
ভৈরব রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা রেলওয়ে পুলিশের সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন। তিনি বলেন, “মালবাহী ট্রেনটি এগারোসিন্ধুর ট্রেনের পেছনের দুটি বগিতে আঘাত করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিম হোসেন শিকদার জানান, সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারোসিন্ধুর গোধূলি ট্রেনের সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ, র্যাব ও বিজিবি। ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেক মরদেহ ট্রেনের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালের কোনো জটিলতার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান জানান, কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনায় ঢাকা থেকে চট্টগ্রামগামী দুর্ঘটনাকবলিত ট্রেনের লোকমাস্টার, সহকারী লোকোমাস্টার ও গার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা বিভাগীয় তদন্ত কমিটিকে তিন কর্মদিবস এবং চট্টগ্রাম জোনের তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।




















