বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ফরিদপুরে সেকেন্ড হ্যান্ড টিভির চাহিদা বৃদ্ধি
- আপডেট সময় : ০২:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৬৯ বার পঠিত

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়তেই ফরিদপুরে নতুন টেলিভিশনের পাশাপাশি সেকেন্ড হ্যান্ড টিভির চাহিদাও বেড়েছে। তুলনামূলক কম খরচে বড় পর্দায় প্রিয় দলের খেলা উপভোগ করতে অনেকেই ব্যবহৃত টেলিভিশনের দিকে ঝুঁকছেন।
ফরিদপুর শহরের আলিপুর এলাকার রেড ক্রিসেন্ট মার্কেট ঘুরে দেখা যায়, বিশ্বকাপ উপলক্ষে টেলিভিশনের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। বিশেষ করে সেকেন্ড হ্যান্ড টিভির দোকানগুলোতে ক্রেতাদের আগ্রহ চোখে পড়ার মতো।
রেড ক্রিসেন্ট মার্কেটের মারিয়া ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ইমরান হোসেন জানান, গত কয়েক বছর ধরে টেলিভিশনের বাজারে কিছুটা মন্দাভাব থাকলেও বিশ্বকাপ শুরু হওয়ার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে।
তিনি বলেন, “অনেকেই সীমিত বাজেটে বড় পর্দায় খেলা দেখতে চান। এজন্য সেকেন্ড হ্যান্ড টিভির চাহিদা বেড়েছে। আমাদের কাছে বিভিন্ন আকার ও মডেলের টেলিভিশন রয়েছে। ৩ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের টিভি বিক্রি হচ্ছে। বড় স্ক্রিনের টিভির প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি হলেও ছোট পর্দার টিভিরও ভালো চাহিদা রয়েছে।”
তিনি আরও বলেন, বিশ্বকাপের শুরুতে বিক্রি তুলনামূলক কম থাকলেও টুর্নামেন্ট জমে উঠলে এবং জনপ্রিয় দলগুলোর গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে এলে বিক্রি আরও বাড়বে বলে তিনি আশা করছেন।
এদিকে ব্যবসায়ীরা জানান, সেকেন্ড হ্যান্ড টিভির বিক্রির পাশাপাশি দীর্ঘদিন ধরে অব্যবহৃত বা নষ্ট হয়ে পড়ে থাকা টেলিভিশন মেরামতের কাজও বেড়েছে। ফলে টিভি মেরামত ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের আয়ও বৃদ্ধি পাচ্ছে।
সচেতন মহলের মতে, বিশ্বকাপ ফুটবল এখন শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং বৈশ্বিক বিনোদনের অন্যতম বড় উৎসব। এ উপলক্ষে টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন দেশের জার্সি, পতাকা, ফুটবল ও সংশ্লিষ্ট সামগ্রীর বিক্রিও বাড়তে শুরু করেছে।
সব মিলিয়ে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ফরিদপুরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ব্যবসায়ীদের প্রত্যাশা, টুর্নামেন্ট যত এগোবে, ততই বাড়বে কেনাবেচা ও ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস।




















