বিদ্যুৎ বিল পরিশোধ করেও বকেয়া দেখানোর অভিযোগ
- আপডেট সময় : ০৮:১৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৬৮ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুচিয়াগ্রাম ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল আহাদ বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও তা বকেয়া দেখানোর অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,মোঃ আব্দুল আহাদ (পিতা: মতিয়ার রহমান), গ্রাম: কঠুরাকান্দি, ইউনিয়ন: কুচিয়াগ্রাম, থানা: আলফাডাঙ্গা, জেলা: ফরিদপুর। তার বিদ্যুৎ সংযোগের হিসাব নম্বর ৩৭৬/২৯০০ এবং গ্রাহকের নাম তার স্ত্রী সৈয়দা কামনা পারভীন।
তিনি জানান,২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি মাসের বিদ্যুৎ বিল যথাক্রমে ৭ ডিসেম্বর ২০২৫, ৮ জানুয়ারি ২০২৬ ও ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পরিশোধ করতে তিনি পুরাতন অফিসে যান। সে সময় পাশের ‘গোল্ডেন ট্রেডার্স’ নামের একটি দোকানের মালিক হাসান শেখ তাকে জানান যে পল্লী বিদ্যুৎ অফিস চেয়ারম্যানের বাড়িতে স্থানান্তরিত হয়েছে এবং তার কাছেই বিল জমা দিতে বলেন।
পরবর্তীতে তার কথামতো তিনি হাসান শেখের কাছে বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ করেন। কিন্তু পরে জানুয়ারি মাসের বিলের সঙ্গে আগের মাসগুলোর বিলও বকেয়া হিসেবে দেখানো হয়।
এ বিষয়ে হাসান শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মোঃ আব্দুল আহাদ যেদিন অভিযোগ নিয়ে আমার কাছে আসে, সেদিনই আমি বিল পরিশোধ করে দিয়েছি। তবে অভিযোগটি তিনি নিজে করেননি, তাকে দিয়ে কেউ করিয়েছে।”
এদিকে মোঃ আব্দুল আহাদ বলেন, “আমাকে বলা হয়েছিল পরবর্তী মাসে বিষয়টি ঠিক হয়ে যাবে। কিন্তু পরবর্তী মাসেও নভেম্বর ২০২৫, ডিসেম্বর ২০২৫, জানুয়ারি ২০২৬ এবং ফেব্রুয়ারি ২০২৬ মাসের বিল বকেয়া দেখানো হয়।” পরে পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে তিনি জানতে পারেন যে তার নামে কোনো বিল পরিশোধের তথ্য অফিসে জমা হয়নি।
এ বিষয়ে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা কার্যালয়ের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আশিষ কুমার রায় বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আব্দুল আহাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




















