বাল্যবিবাহ প্রতিরোধে সফল কিশোরী রাজিয়া সুলতানা
- আপডেট সময় : ০৫:৩৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৪৮ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কিশোরীর বিয়ের প্রস্তাব একাধিকবার আসার পর, নিজের বাল্যবিবাহ প্রতিরোধে সফল হওয়ার গৌরব অর্জন করেছে কিশোরী রাজিয়া সুলতানা। ওই সময় মোছা রাজিয়া সুলতানা ছিল দশম শ্রেণির শিক্ষার্থী। নিজের বিয়ে ঠেকিয়ে পড়াশুনা অব্যাহত রেখেছে রাজিয়া সুলতানা।
জানা যায়, নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের, কচাকাটা যুব সংগঠনের কিশোরী রাজিয়া সুলতানা। তার বাবা মোঃ আজিজুল হক ও মাতাঃ মোছাঃ শেফালী বেগম। মধ্যবিত্ত পরিবারে মা-বাবা ও তিন ভাইবোন নিয়ে তাদের পরিবার। মধ্যবিত্ত হওয়ার কারণে তাদের পরিবারের নেমে আসে আর্থিক সমস্যা। তারপরও তার মা-বাবা অনেক কষ্ট করেও তার লেখাপড়া চালিয়ে যায়।
দশম শ্রেণিতে পড়া অবস্থায় আসতে থাকে বিয়ের প্রস্তাব। স্কুল থেকে বাড়িতে গিয়ে রাজিয়া সুলতানা দেখতে পায় তার বাড়িতে দুজন অপরিচিত অতিথি এসেছেন। সেদিন সে বুঝতে পারেনি যে, তার বিয়ের ব্যাপারে কথা বলার জন্য লোক এসেছে। পরে বুঝতে পারে, মা-বাবা তার বিয়ের জন্য লোকজনের সঙ্গে কথা বলছে। এ নিয়ে রাজিয়া সুলতানা আপত্তি জানায়। কিন্তু তার মা-বাবা মেয়েকে বলে পাডার লোকেরা অনেক কথাই বলছে, পড়াশুনা করে লাভ কি? যেতে হবে অন্যের ঘরে বিয়ে দিলেই ঝামেলা শেষ। আরও বিভিন্ন কুসংস্কারের কথা বলে।
কিন্তু রাজিয়া সুলতানা তার মা-বাবাকে বুঝিয়ে বলে অল্প বয়সে বিয়ে করে স্বামীর পরিবারের বোঝা হয়ে পড়াশোনার ক্ষতি করতে পারবে না। উল্টো মা-বাবা তাকে বলেন, দেখ আমরা গরিব মানুষ। ভালো বর পাওয়া গেছে। তুমি বিয়েতে রাজি হও। যদি আমাদের মৃত্যু হয়। তাহলে তোকে কে দেখবে। তখন সে মা-বাবাকে জানিয়ে দেয় বিয়ে করবেন না। তার বিয়ের বয়স হয়নি। পড়াশোনা করে নিজে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিয়ে করবো না,আমি শিক্ষক হতে চাই।
পরে মা-বাবাকে বাল্যবিয়ের কুফল ও পরিণতি সম্পর্কে বোঝান মেয়ে রাজিয়া সুলতানা। মা-বাবা নিজেদের ভুল বুঝতে পেরে মেয়েকে পূর্ণ সমর্থন করেন। এখন রাজিয়া সুলতানা এইচএসসিতে পড়ে। এখন বিয়ের প্রস্তাব আসলেও মা-বাবা না বলে দেন এবং বলেন মেয়েকে বাল্যবিবাহ দিবো না। হাজার কষ্ট হলেও মেয়ের স্বপ্ন পূরণ করব।
রাজিয়া সুলতানা কচাকাটা যুব সংগঠনের একজন সচেতন কিশোরী। মধ্যবিত্ত পরিবারের অজপাড়া গাঁয়ের মেয়ে হয়েও নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে লেখাপড়া অব্যাহত রেখে, সমাজে দৃষ্টান্ত স্থাপন করেন রাজিয়া সুলতানা। তার এই সাহসিকতা অবশ্যই প্রশংসার দাবিদার।
রাজিয়া সুলতানার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি ধন্যবাদ জানাই plan International এবং child not project কে, কারণ এই project এর কারণে আজ আমি বিবাহ প্রতিরোধ করতে পেরেছি। এখন আর আমার বিয়ে নিয়ে কোন সমস্যা নেই। এখন নিজের বাল্যবিবাহ নিজেই প্রতিরোধ করতে পারি।



















