বাংলা, ত্রিপুরা, চাকমা এই তিন ভাষায় অমর একুশের গান শোনালেন পাহাড়ের সন্তানরা
- আপডেট সময় : ০৫:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ২০৮ বার পঠিত

অমর একুশের ভাষাশহীদদের স্মরণে সবার মুখে ফেরে আবদুল গাফ্ফার চৌধুরীর বিখ্যাত গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।’ এবার খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলা, ত্রিপুরা ও চাকমা ভাষায় গানটি পরিবেশন করেছেন পাহাড়ের সন্তানরা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও পিটাছড়া পাঠাগারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার মাটিরাঙ্গায় ‘পিটাছড়া উৎসব’-এর আয়োজন করা হয়।

সবুজ পাহাড়বেষ্টিত এলাকাটির পূর্ব খেদাছড়ায় দিনভর ছিল উৎসবের আমেজ। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান। তিনি বলেন, পিটাছড়া পাঠাগার মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক-সম্প্রীতি বাড়াতে কাজ করছে। পাঠাগারের উদ্যোগে এ জনপদের মানুষ চিকিৎসাসেবা পাচ্ছে। এ প্রজন্মের শিশু-কিশোররা মোবাইলে আসক্ত হয়ে বইপড়া থেকে বিরত থাকে। তাদের বইপড়া মুখী করতে পিটাছড়া পাঠাগার কাজ করছে; এটি ভালো উদ্যোগ।
পাঠাগারের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দীন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ( ওসি) কমল কৃষ্ণ ধর, বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমত উল্লাহ প্রমুখ।
দিনব্যাপী চলা আয়োজনের প্রথম পর্বে ছিল শিশু-কিশোরদের খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকেল থেকে রাত পর্যন্ত চলে ব্যতিক্রমী সংস্কৃতি আয়োজন। এতে অংশ নেন দেশের খ্যাতিমান সংগীত তারকা কনক আদিত্য, পরিব্রাজক ও লেখক তারেক অণু, চট্টগ্রামের অগ্নিবীণা পাঠাগারের সংস্কৃতি টিম এবং মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের বিভিন্ন পাড়ার পাহাড়ি বাঙালি সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা।




















