বাংলাদেশ কৃষি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি: নগদা শিমলায় সবুজের অভিযাত্রা
- আপডেট সময় : ০৭:২৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ১২৯ বার পঠিত

“জুলাই পূর্ণ জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক, শিমলা বাজার শাখার উদ্যোগে নগদা শিমলা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচিতে ঔষধি গুণসম্পন্ন নিম গাছের চারা রোপণ করা হয়। গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজে বুধবার (৬ জুলাই) সকালে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ অডিটোরিয়ামে ব্যাংকের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। ব্যাংকের শিমলা বাজার শাখার ব্যবস্থাপক রুহুল আমিনের তত্ত্বাবধানে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা নিম গাছের চারা রোপণ করেন। রুহুল আমিন বলেন, “নিম গাছ পরিবেশবান্ধব ও ঔষধিগুণে সমৃদ্ধ। এটি মাটি ও বায়ুদূষণ রোধে ভূমিকা রাখে। আমরা চাই, আগামী প্রজন্ম একটি সবুজ ও সুস্থ পরিবেশে বেড়ে উঠুক।” নগদা শিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেমও জাগ্রত করে। ইউনিয়ন পরিষদ এমন উদ্যোগে সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত।”
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা গাছের পরিচর্যা ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জানতে পেরে উৎসাহিত হয়। এক শিক্ষার্থী বলে, “আমরা বাড়িতেও গাছ লাগাব এবং এলাকাকে সবুজ রাখতে সচেষ্ট থাকব।”
জানা যায়, বাংলাদেশ কৃষি ব্যাংক সামাজিক দায়বদ্ধতা হিসেবে পরিবেশ সুরক্ষা, কৃষি উন্নয়ন ও যুবসমাজের ক্ষমতায়নে ভবিষ্যতেও এমন প্রকল্প বাস্তবায়ন করা হবে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।




















