বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে তরুণীর মৃত্যু, বন্ধু গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৯৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় মোটরসাইকেলচালক ও সুমাইয়ার বন্ধু সজিব প্রামানিক (২৩) কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
নিহত সুমাইয়া গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া হোসন মণ্ডলের পাড়া গ্রামের মজিবার প্রামানিকের মেয়ে। গ্রেপ্তার সজিব একই এলাকার কিরণ প্রামানিকের ছেলে।
ঘটনাটি ঘটেছে সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়া তার বন্ধু সজিব প্রামানিকের মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। এসময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে জমিদার ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে যায়। এতে সুমাইয়া ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই সুমাইয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. শাহজালাল উদ্দিন লালমিয়া বাদী হয়ে আহলাদিপুর হাইওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় সজিবের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৯৮/১০৫ অনুযায়ী ইচ্ছাকৃত অবহেলা ও বেপরোয়া গতিতে যান চালানোর অভিযোগ আনা হয়েছে।
আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানান, মামলার পরপরই পুলিশ ফরিদপুর থেকে সজিবকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে মঙ্গলবার (৪ নভেম্বর) রাজবাড়ীর আদালতে প্রেরণ করেছে।



















