বড়াইগ্রামের ছয় খ্রীষ্টপল্লীতে বড়দিন উদযাপন
- আপডেট সময় : ০৫:৪২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ১৯৫ বার পঠিত

নাটোরের বড়াইগ্রামে ৬টি খ্রীষ্টান ধর্মপল্লীতে উৎসব মুখর পরিবেশ ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বড়দিন পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষ্যে খ্রীষ্টান ধর্মাবলম্বীরা এই দিনটিকে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ হিসেবে পালন করে থাকে।
জেলার সবচেয়ে বড় ধর্মপল্লী বড়াইগ্রামের বনপাড়া লুর্দের রানী মা মারীয়া ক্যাথলিক গির্জাতে সোমবার সকাল ৭টা ও ৯টায় বড়দিনের বিশেষ খ্রীষ্টযোগ অনুষ্ঠিত হয়। প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা খ্রীষ্টযোগ পরিচালনা করেন। খ্রীষ্টযোগ শেষে গির্জা প্রাঙ্গনে বড়দিনের কেক কাটা হয় ও পরে কীর্তন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ শোভন, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, ইউএনও আবু রাসেল, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু উপস্থিত ছিলেন। এর আগে রোববার রাতে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা ও পুলিশ সুপার তারিকুল ইসলাম উপজেলার জোনাইল ও বনপাড়াসহ বিভিন্ন গির্জা পরিদর্শন করেন।
বড়দিন উপলক্ষে সকল গির্জা ও ধর্মপল্লীর বাড়ি-ঘর সাজানো হয়েছে বর্ণিল সাজে। গির্জা ও বাড়ির প্রাঙ্গণে আল্পনা আঁকা হয়েছে। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। প্রর্দশন করা হয়েছে ক্রিসমাস স্টার। এছাড়া পিঠা-পুলির আয়োজন ও কীর্তনসহ বৈঠকের আয়োজন করা হয়। খ্রিস্টান ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে বড়দিন উদযাপন করতে পারে তার জন্য গির্জাগুলোতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।




















