বগুড়ায় ভুয়া মেজর পরিচয়ে বিয়ে; শেষ রক্ষা হলোনা আপনের
- আপডেট সময় : ১০:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ৪৮২ বার পঠিত

বগুড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে এক তরুণীকে বিয়ে করে প্রতারক আপন। অবশেষে সেই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ আগস্ট) রাতে নন্দীগ্রাম উপজেলার কলেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি, সিরাজগঞ্জ সদর উপজেলার ফুকসাগাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে রেজা ওরফে আপন (৪৪)।
জানা গেছে, ভুয়া মেজর পরিচয় দিয়ে আপন পাঁচ মাস আগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কলেজপাড়া এলাকায় বিয়ে করে এক তরুণীকে। এরপরে বিভিন্ন সময় শ্বশুড়বাড়িতে ঘুরতে আসলে তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। গোপন সংবাদ পেয়ে গত রবিবার (২০ আগস্ট) রাতে শ্বশুড়বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ভুয়া মেজর পরিচয় দিয়ে প্রতারণা করে বিয়ে করার অপরাধে নন্দীগ্রাম থানায় তার শাশুড়ি বাদি হয়ে মামলা করেছেন।
এ বিষয়ে বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ভুয়া মেজর সেজে ওই ব্যক্তি বিভিন্ন অপরাধ করে আসছিল। এখানেও মেজর পরিচয় দিয়ে বিয়ে করে। একেক স্থানে একেক নাম ব্যবহার করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।



















