বগুড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের রক্তমাখা মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ২৯৪ বার পঠিত

বগুড়ার শেরপুরে পরিত্যক্ত ঘর থেকে আফাজ উদ্দিন লিটন (৩৫) নামে এক যুবকের রক্তমাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক, বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর এলাকার খোকা মণ্ডলের ছেলে আফাজ উদ্দিন লিটন (৩৫)।
জানা গেছে, সোমবার (২৮আগস্ট) সন্ধ্যার দিকে লিটন বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। পরদিন মঙ্গলবার সকাল দশটার দিকে এলাকার একটি পরিত্যক্ত ঘরের মধ্যে তাকে রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী। এরইমধ্যে স্থানীয় লোকজন শেরপুর থানায় সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহটি উদ্ধার করে নিয়ে যান। তার মাথায় আঘাতের চিহ্ন আছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে নিশ্চিত করে কোনো কিছুই জানা যায়নি।
এ বিষয়ে বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, মাথায় গুরুতর আঘাতের কারণে রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে। এছাড়া গলায় সামান্য কাটা জখমের চিহৃও রয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই এই হত্যায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


















