বগুড়ায় চাঞ্চল্যকর আজিজার মন্ডল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- আপডেট সময় : ১০:৪২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ২০০ বার পঠিত

র্যাবের অভিযানে চাঞ্চল্যকর আজিজার মন্ডল হত্যা মামলার প্রধান আসামি মোঃ ফরিদ মন্ডল(৫৫) কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) রাতে নওগাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিরা ব্যাপারীপাড়া এলাকার মৃত আসকর আলী মন্ডলের ছেলে মোঃ ফরিদ মন্ডল (৫৫)।
শনিবার র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ আগস্ট) রাত সোয়া ১১ টার দিকে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর পশ্চিম মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফাতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়ার আদমদীঘি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য যে, গত ৮ আগস্ট বগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিরা ব্যাপারীপাড়া এলাকায় আজিজার মন্ডল নৃশংস হত্যাকান্ডের শিকার হয়। এ ঘটনার পর ৯ আগস্ট আজিজার মন্ডলের স্ত্রী বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে আসামিদের দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়।



















