বগুড়ায় অতিরিক্ত দামে ডাব বিক্রির অপরাধে ৩ ব্যবসায়িকে জরিমানা
- আপডেট সময় : ০৫:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ১৭৬ বার পঠিত

বগুড়ায় অতিরিক্ত দামে ডাব বিক্রি করায় তিন পাইকারি ব্যবসায়িকে মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে,শনিবার সকালে বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়া। এসময় ডাবের দাম বেশি নেওয়া, ক্রয়-বিক্রয়ের রশিদ না রাখায় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সদর উপজেলার গোদারপাড়া এলাকার আল আমিন ডাবঘরের আল আমিনকে ১০ হাজার টাকা, নামাজগড় এলাকার দুই ভাই ডাবঘরের শফিকুল ইসলামকে ৫ হাজার টাকা ও গোয়ালগাড়ি এলাকার মেসার্স রূপম এন্টারপ্রাইজের মনিরুজ্জামান রুকনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগীতা করেন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, খুচরা ব্যবসায়িরা দায় চাপাচ্ছেন পাইকারি ব্যবসায়িদের ওপর আবার পাইকারি ব্যবসায়িরা দায় চাপাচ্ছেন মোকাম মালিকদের ওপর। এখানে এই ব্যবসায়িরা নিজেদের মধ্যেই একটা সিন্ডিকেট সৃষ্টি করে রেখেছে। তবে কৃষকেরা প্রকৃতপক্ষে এর কিছুই পাচ্ছেনা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















