ফরিদপুর-১ আসনে আরিফুর রহমান দোলনের প্রার্থিতা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৫:২২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৭০ বার পঠিত

ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলনের প্রার্থিতা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ) দুপুর ২টা ৩০ মিনিটে আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামের মুন্সী বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আরিফুর রহমান দোলন অভিযোগ করেন, সংবিধান, বিদ্যমান আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) লঙ্ঘন করে একটি সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে তাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ বিনষ্টের উদ্দেশ্যেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান,প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এক আবেদনের পরিপ্রেক্ষিতে তার প্রার্থিতা স্থগিতের আদেশ দেন। ওই আসনের ভোটার জোনায়েদ হোসেনের করা ‘লিভ টু আপিল’-এর ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়। আবেদনে তাকে কৃষক লীগের নেতা এবং একটি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত দাবি করা হলেও তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।
আরিফুর রহমান দোলন বলেন,তিনি কৃষক লীগের বর্তমান কোনো কমিটির সঙ্গে যুক্ত নন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। একই ধরনের প্রার্থীরা দেশের অন্যান্য আসনে নির্বাচন করলেও কেবল তার ক্ষেত্রেই আপত্তি তোলা হয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “এই আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করতে প্রয়োজনীয় আইনি নথিপত্র চাওয়া হলেও তা আমাকে দেওয়া হচ্ছে না। পুরো বিষয়টি পরিকল্পিতভাবে আমাকে নির্বাচনী মাঠের বাইরে রাখার চেষ্টা।”
এ সময় তিনি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।




















