ফরিদপুরে হাম রোগে আক্রান্ত ১১৮৫,মৃত্যু ১০
- আপডেট সময় : ১২:২৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৫১ বার পঠিত

ফরিদপুর জেলায় চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাম রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮৫ জনে। একই সময়ে হামজনিত কারণে মৃত্যু হয়েছে ১০ জনের। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত ১১ মে ২০২৬ তারিখের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সকাল ৮টা থেকে পরবর্তী সকাল ৮টা পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন করে ৪৯ জন হাম রোগী ভর্তি হয়েছেন।
এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩১ জন এবং পুরাতন রোগীসহ বর্তমানে মোট ভর্তি আছেন ৯৩ জন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতাল থেকে ২০ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালটি থেকে মোট ৬৫৮ জন রোগী ছাড়পত্র নিয়েছেন।
অন্যদিকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন। পুরাতন রোগীসহ বর্তমানে ভর্তি আছেন ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটি থেকে ১৯ জন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট ছাড়পত্র নিয়েছেন ২৬৭ জন রোগী।
উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, সালথা উপজেলায় সর্বোচ্চ ২২ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া সদরপুরে ১৪ জন, আলফাডাঙ্গা ও ভাঙ্গায় ১২ জন করে, চরভদ্রাসনে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন, মধুখালীতে ৩ জন এবং নগরকান্দায় ২ জন আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্তমানে হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম ও সচেতনতামূলক প্রচারণা জোরদার করা হয়েছে।




















