ফরিদপুরে মশলা চাষে আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ, কৃষকদের মাঝে বারি গোলমরিচ-১ এর চারা বিতরণ
- আপডেট সময় : ০৬:২৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৭০ বার পঠিত

ফরিদপুরের বাহিরদিয়ায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মশলা গবেষণা উপ-কেন্দ্রের উদ্যোগে “মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল” বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে বারি উদ্ভাবিত উন্নত জাত বারি গোলমরিচ-১ এর চারা বিতরণ করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। এ সময় উন্নত জাতের দারুচিনির চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
মশলা গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আশিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সেলিম আহমেদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও), ডাল গবেষণা কেন্দ্র, মাদারীপুর; মো. কামরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, খুলনা; মো. মাহমুদুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, ফরিদপুর এবং ড. এইচ এম খায়রুল বাসার, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা।
প্রশিক্ষণে কৃষকদের মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি, উন্নত জাত নির্বাচন, চারা রোপণ, পরিচর্যা, রোগ-বালাই ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে মাঠ পর্যায়ে মশলা ফসলের আবাদ সম্প্রসারণ ও উচ্চ ফলনশীল জাত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বারি উদ্ভাবিত বারি গোলমরিচ-১ এর চারা বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ব্যবহার নিশ্চিত করা গেলে দেশে মশলা উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে এবং কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি আমদানিনির্ভরতাও কমে আসবে।




















