প্রকাশ্যে ভোটারকে টাকা দিচ্ছে মেয়র প্রার্থী বাবুল তালুকদার
- আপডেট সময় : ০৮:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৩১০ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে এক মেয়র প্রার্থীর বিরুদ্ধে ভোটারকে প্রকাশ্যে টাকা দেয়ার অভিযোগ উঠেছে।
টাকা দেয়ার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়,জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ইসমাইল তালুকদার বাবুল তার মোবাইল ফোন মার্কায় ভোট চেয়ে একজন ভোটারকে তার ডান হাতে থাকা লিফলেট দিচ্ছেন।
লিফলেট দেয়ার পর কথা বলতে বলতে বাম পকেট থেকে টাকা বের করে ভোটারের হাতে তুলে দেয় বাবুল তালুকদার। ভোটারকে টাকা দেয়ার ছত্রিশ সেকেন্ডের ভিডিও তে দেখা যায়, টাকা দেয়ার পরপরই তিনি ভোটারের কাছ থেকে বিদায় নিচ্ছেন।
জানা গেছে, বকশীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাগমারি পাড়ায় আজ দুপুরে ভোট চাইতে গিয়ে বাবুল তালুকদার ভোটারদের টাকা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সেই এলাকার একজন ভোটারকে টাকা দেয়ার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ পৌরসভার
মেয়র প্রার্থী বকশীগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইসমাইল তালুকদার বাবুল টাকা দেয়ার কথা স্বীকার করে বলেন,একজন রোগীকে ইনহেলার কেনার টাকা দিয়েছি।
ভোট চাইতে গিয়ে তিনি ভোটারকে প্রকাশ্যে টাকা দিতে পারেন কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন,
ভিডিও বেশি সাউন্ড দিয়ে শুনেন।
একজন শ্বাসকষ্টের রোগীকে ওষুধ কেনার টাকা দিয়েছি।
ভোটারদের মাঝে টাকা বিতরণের বিষয়ে জানতে চাইলে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শানিয়াজ্জামান তালুকদার জানান, ভিডিওটা তিনি দেখেননি। ভিডিওটা দেখে আচরণবিধি ভঙ্গের কোন কিছু পেলে তার বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হবে।
আগামী ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নয়টি ওয়ার্ডের বারোটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সেখানকার মোট ভোটার পয়ত্রিশ হাজার পাঁচশত আঠারো।




















