পোশাক শ্রমিকদের ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার -১
- আপডেট সময় : ১১:৪৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ৪০০ বার পঠিত

সাভারের আশুলিয়ায় বাইপেইল এলাকায় বুড়িরবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান গড়ে তুলে সঞ্চয়ের নামে ডিপোজিট আকারে পোশাক শ্রমিকদের কাছ থেকে নেওয়া প্রায় ০৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় কেরামত আলী (৫৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠায় আশুলিয়া থানা পুলিশ। এর আগে, আজ সকালে ভুক্তভোগী পোশাক শ্রমিক সাবিনা ইয়াসমিন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন সমিতির সভাপতি কেরামত আলী (৫৫) তার স্ত্রী ও সমিতির সহ-সভাপতি রেবেকা খাতুন (৪৫), সাধারণ সম্পাদক খানজাহান আলী (৪৫), যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম (৪০), কোষাধ্যক্ষ নিহার রায় (৪০), সদস্য কামরুন্নাহার বেবি (৪২), সমিতির অংশীদির আজমল (৪৫), অংশীদার সোলাইমান (৪৩) ও অংশীদার মজিবুল্লাহ (৪৫)। তারা দীর্ঘ নয় বছর ধরে এই প্রতারণা করে আসছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালে আশুলিয়া বাইপাইলের বুড়িরবাজার এলাকায় ‘বুড়িরবাজার ক্ষুদ্র ব্যবসায়ি সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সমবায় সমিতির নবায়ন নেন এই চক্রটি।
তখন থেকে বিভিন্ন ভাবে পোশাক শ্রমিকদের ডিপিএসের নামে টাকা জমা দিতে উদ্বুদ্ধ করেন। তার দেখানো প্রলোভনে পোশাক শ্রমিকরা টাকা জমাও করতে থাকেন। প্রায় ৪ শতাধিক পোশাক শ্রমিক এ পর্যন্ত সমিতিতে ০৩ কোটি টাকারও বেশি সঞ্চয় করেন। কিন্তু সঞ্চিত অর্থ ফেরত না দিয়ে তালবাহানা করেন। নির্ধারিত সময় শেষ হওয়ার ১ বছরেও টাকা ফেরত না পেয়ে আজ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীরা।
এ ব্যপারে আশুলিয়া থানার পরিদর্শক কামরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে সমিতির সভাপতি কেরামত আলীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।




















