পাইকগাছায় বিদ্যুৎ বিলের রশীদে এখনও”শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ”শ্লোগান
- আপডেট সময় : ০৫:৪৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ৪৪১ বার পঠিত

“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ”শ্লোগান সম্বলিত রশীদে এখনও বিদ্যুৎ বিল বানিয়ে গ্রাহকদের কাছ থেকে বিল আদায় করা হচ্ছে। ৫ আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনের পর ৫ মাস সরকার পরিবর্তন হলেও বিদ্যুৎ বিলের রশীদ পরিবর্তন করা হয়নি।
বরং সেই পতিত সরকারের” শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ ” স্লোগান সম্বলিত রশীদে বিল তৈরী অব্যাহত রয়েছে।যা নিয়ে এলাকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চায়ের দোকান্দার শেখ সুজন বলেন, হাসিনা একজন স্বৈরাচারী সরকার ছিলেন। তার সময় কেউ কোন কথাই বলতে পারতো না। এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। হাসিনা সরকারের পতন হয়েছে। তাহলে তার নামে বিদ্যুৎ বিল থাকে কি করে?
এ ব্যাপারে উপজেলার মটবাটী গ্রামের বিদ্যুৎ গ্রাহক আজিজুর রহমান মোল্লা বলেন, সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার নাম কেন এখন বিলের রশীদে থাকবে। এটা কি এই সরকার চোখে দেখেনা। এরপর এই কাগজে বিল করলে আমরা বিল দেবনা। সাংবাদিক জি এম মিজানুর রহমান বলেন,এখনও পর্যন্ত যদি বিদ্যুৎ বিলসহ অন্যান্য বিল পরিশোধের রশিদে স্বৈরাচার সরকারের নাম থাকে তাহলে আন্দোলন সংগ্রাম করে সরকারের পতন ঘটিয়ে লাভ কি হলো।
পাইকগাছা বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার বলেন,এখন নতুন কোন বিল পেপার পায়নি। সেটা পেলে এ রশীদে আর কোন বিল তৈরী করা লাগবেনা। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।




















