পাংশা মহিলা কলেজ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত
- আপডেট সময় : ১০:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ৪৫৫ বার পঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বাছাই প্রতিযোগিতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে পাংশা মহিলা কলেজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি-২০২৪ এর আহ্বায়ক এস.এম. আবু দারদা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি-২০২৪ এর সদস্য সচিব মো: আবুল কালাম আজাদ স্বাক্ষরিত সনদপত্রে এ তথ্য প্রকাশ করা হয়।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ কলেজ পর্যায়ে পাংশা উপজেলায় উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে কলেজটিকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, কলেজটি বিগত কয়েক বছর ছাত্রীদের ভালো লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা হিসেবে সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, বিজ্ঞান মেলায় অংশগ্রহণ ও বার্ষিক শিক্ষা সফরের আয়োজন করে আসছে। বিগত কয়েক বছর কলেজটি ভালো ফলাফলের পাশাপাশি উপজেলায় তাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। প্রতিবছর এই কলেজের শিক্ষার্থীরা সর্বাধিক এ+ অর্জন করছে। উপজেলার অন্যান্য কলেজের শিক্ষার্থীর তুলনায় এই কলেজের শিক্ষার্থীর ফলাফল বিবেচনায় শতকরা হারও সন্তোষজনক।
কলেজটি উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় কলেজের অধ্যক্ষ এ.বি.এম. ওয়াহিদুজ্জামান বলেন, ‘এই কলেজটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে উপজেলার অন্যতম মহিলা কলেজ হিসেবে খ্যাতি অর্জন করেছে।
আমাদের শিক্ষকরা তাদের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে। কলেজ থেকে প্রতিবছর ছাত্রীরা ভালো ফলাফল অর্জন করে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করার সুযোগ পাচ্ছে। আমাদের কলেজকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত করায় উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার এস,এম আবু দারদা স্যারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।




















