পাংশায় ইটভাটায় ভাংচুর ও কর্মীদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ
- আপডেট সময় : ০৪:২৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ১১৭ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় একটি ইটভাটায় ভাংচুর করে কর্মীদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা গ্রামের এ.এন.বি.ব্রিক্স নামের ইট ভাটায় এ ঘটনা ঘটে। এ.এ.বি ব্রিক্স নামের পাশের একটি ইটভাটা মাকের বিরুদ্ধে এ অভিযোগ করেন এ.এন.বি.ব্রিক্স ইটভাটার ম্যানেজার আব্দুল জলিল। তবে অভিযুক্তরা বিষয়টি অস্বীকার করেছেন।
সরেজমিনে গেলে এ.এন.বি.ব্রিক্স ইটভাটার ম্যানেজার আব্দুল জলিল বলেন, গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মেঘনা গ্রামের দুখী প্রামানিকের ছেলে ইব্রহিম প্রামানিক, ইব্রাহিম প্রামানিকের ছেলে নিউরো ডায়াগনস্টিক সেন্টারের অংশীদার তৌফিক হোসেন লিমন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুজ্জামান (ফরিদ) প্রামানিকের নেতৃত্বে মৃত হজরত আলী প্রামানিকের ছেলে রফিকুল ইসলাম বাদশা, রেজাউল করিম রাজু, আহসান হাবিব চুন্নু, মেহেদী হাসান মুন্নু, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ইমরান হোসেন সহ ১৫-২০জন ইটভাটায় হামলা করে।
এ সময় ভাটার পূর্ব পাশের একটি মেশিন ভাংচুর করে এবং দেশীয় অস্ত্রী দিয়ে ভাটার কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করে ইটভাটা থেকে চলে যেতে বাধ্য করে। এছাড়াও ইটভাটা বন্ধ রাখতে বলে।
জানা যায়, এ.এন.বি.ব্রিক্স ইটভাটার শুরু থেকে স্থানীয় হান্নান প্রামানিকের নিকট থেকে বেশকিছু জমি লিজ নিয়ে ভাটার কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু পাশের এ.এ.বি ব্রিক্স ইটভাটার মালিক সেই জমির মালিকানা দাবি করছেন।
অভিযুক্ত তৌফিক হোসেন লিমন বলেন, ওয়ারিশ সূত্রে আমরা ওই জমির মালিক। আওয়ামী লীগ সরকারের আমলে এ.এন.বি.ব্রিক্স ইটভাটার মালিক ওই জমি জোরপূর্বক দখল করে ভোগ দখল করে আসছে।
এ বিষয়ে গত ২৬ নভেম্বর রাজবাড়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধরা জরি করা হয়েছে। গতকাল ওই জমিতে পুলিশ যাওয়ার কথা ছিলো এ জন্য আমরা ওখানে গিয়েছিলাম। পুলিশ যায়নি বলে আমরা কাউকে কিছু না বলে চলে আসি। পরে তারা নিজেরাই নিজেদের মেশিন ভাংচুর করে আমাদের উপর মিথ্যা দোষ চাপাচ্ছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, শান্তি রক্ষার্থে ওই জমিতে ১৪৪/১৪৫ ধরা জরি করেছে আদালত। আদালতের দেওয়া আদেশ ভঙ্গ করা হয়েছে। আমি পুলিশ ফোর্স পাঠিয়েছিলাম। সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।




















