পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৬, তদন্তে দুই কমিটি
- আপডেট সময় : ০৩:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৯০ বার পঠিত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। সর্বশেষ আরও তিনজনের মরদেহ উদ্ধারের পর এই সংখ্যা নিশ্চিত করা হয়। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। ইতোমধ্যে অধিকাংশ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত রেখে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে মরদেহগুলো উদ্ধার করে। এর আগে সকাল পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
প্রশাসন সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ১১ জন নারী, ৭ জন পুরুষ এবং ৮ জন শিশু রয়েছে। নিহতদের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে এবং স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়।
দুর্ঘটনার পর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আরেকটি—মোট দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় ছয় ঘণ্টা পর রাতে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় ডুবে যাওয়া বাসটি নদী থেকে তোলা হয়।
ঢাকাগামী ওই বাসটিতে আনুমানিক ৪০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সময় কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারানো পরিবারের আহাজারিতে দৌলতদিয়া ঘাট ও আশপাশের এলাকা ভারী হয়ে উঠেছে।



















