নুরাল পাগলার দরবার থেকে গরু নেওয়া যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০৪:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৭৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় চুরি ও লুটের অভিযোগে মো. সজীব শেখ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নুরাল পাগলার দরবার থেকে একটি গরু নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতার সজীব শেখ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার উজ্জ্বল শেখের ছেলে। রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব। তিনি জানান, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে সজীব শেখ দরবার থেকে গরুটি নিয়ে যাচ্ছেন। সেই ফুটেজের ভিত্তিতেই তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লার দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় এবং আদালতে সোপর্দ করা হয়।
তিনি আরও জানান, যে গরুটি সজীব নিয়ে গিয়েছিলেন, সেটি ৫-৭ দিন আগে তৃতীয় পক্ষের মাধ্যমে গোয়ালন্দ ঘাট থানায় জমা দেওয়া হয়। পরে গরুটি দেখাশোনার জন্য একজনের হেফাজতে রাখা হয়েছে।
এএসপি শরীফ আল রাজীব জানান, দুটি মামলায় এখন পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রাসেল মোল্লা হত্যা মামলায় গ্রেফতার হলো ১০ জন আসামি।




















