নুরাল পাগলার দরবারের হামলায় নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০১:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ১২৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় নিহত ভক্ত রাসেল মোল্লার (২৮) পরিবার মামলা দায়ের হয়েছে।
এ মামলায় আব্দুল লাতিফ (৪২) ও মো. রঞ্জু (৪০) নামের দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রাসেল মোল্লা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মো. আজাদ মোল্লার ছেলে।
সোমবার দিনগত রাতে নিহত রাসেল মোল্লার বাবা মো. আজাদ মোল্লা বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪০০০ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে। মঙ্গলবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
জানা গেছে, শুক্রবার দরবারে হামলা-ভাঙচুরের সময় রাসেলের ওপর হামলা করা হয়। তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার ওপর ২য় দফা হামলা করা হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হলে শুক্রবার রাতে রাসেলের মৃত্যু হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলামবলেন,গোয়ালন্দ থানায় নিহত রাসেল হত্যার দায়ের একটি মামলা হয়েছে।
এ মামলায় একজন আওয়ামীলীগ কর্মীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।



















