নিলোফার চৌধুরী মনিকে কলেজের সভাপতি পদে নিয়োগ বাতিলের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ
- আপডেট সময় : ০৩:০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ২৬৭ বার পঠিত

জামালপুর সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের নব গঠিত কমিটির সভাপতি বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনি কে অপসারণের দাবীতে ঢাকা-জামালপুর মহা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
আজ মঙ্গলবার (০৯ অক্টোবর) দুপুরে দিকপাইত উপ শহরে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, দিকপাইত শামছুল হক ডিগ্রি কলেজের ইসলমিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মুশফিকুর রহমান,সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, শিক্ষার্থী সিনথিয়া, ফাতেমা আক্তার ও সৌরভ হাসান শিশির।
এসময় বক্তারা বলেন, নিলোফার চৌধুরী মনি কোনদিন দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে আসেন নি। তিনি জানেনও না এই কলেজে কতজন শিক্ষক-শিক্ষার্থী আছেন। অথচ তিনি স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাদের সাথে আঁতাত করে অবৈধভাবে সভাপতি পদ বাগিয়ে নিয়েছেন। যিনি কলেজ সম্পর্কে জানেনই না। তিনি সভাপতি হলে এই কলেজের কোন উন্নয়ন কর্মকাণ্ডও করতে পারবেন না। নিলোফার চৌধুরী মনি সভাপতি পদ থেকে পদত্যাগ না করলে বৃহৎ আন্দোলনের হুমকী দেন বক্তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, নিলোফার চৌধুরী মনিকে এই কলেজে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। তিনি এই কলেজে প্রবেশ করতে পারবেন না। আমরা তার দ্রুত সময়ের মধ্যেই পদত্যাগ চাই। যিনি আমাদের কলেজ চিনেন,আমাদের কলেজ সম্পর্কে জানেন। আমরা তাকেই সভাপতি হিসেবে দেখতে চাই।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর ভাইস চ্যান্সেলরের অনুমোদিত সাক্ষরে ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠণ করা হয়। এডহক কমিটিতে নিলোফার চৌধুরী মনি কে সভাপতি পদ দেওয়া হয়।




















