নাসিরনগরে নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- আপডেট সময় : ০৭:৩৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১২৪ বার পঠিত

কখন যেন নদী গর্ভে বিলীন হয়ে যায় একমাত্র মাথা গোঁজার ঠাঁই বসতভিটা।প্রতি বছর বর্ষা আসলেই শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানুষদের এমন উদ্বেগ,উৎকন্ঠা আর আতঙ্ক!গত প্রায় পাঁচ ধরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের নদীতীরবর্তী প্রায় শতাধিক পরিবার ইতিমধ্যেই গৃহহীন হয়ে পড়েছে। নদীগর্ভে বিলীনের অপেক্ষায় স্থানীয় শ্মশান,গোরস্থান, চকবাজার, বসতভিটাসহ শতাধিক স্থাপনা।
স্থানীয়দের অভিযোগ,রাজনৈতিক নেতা আর প্রশাসনের পরিদর্শন আর আশ্বাসেই কেটেছে গত পাঁচ বছর! অচিরেই এই ভাঙন রোধ করা না গেলে শতবছরের পুরানো চকবাজারের দোকান ও স্থানীয়দের বসতিভিটা নদীর গর্ভে বিলীন হয়ে যাবে।ভিটেবাড়ি ছেড়ে চলে যেতে হবে স্থানীয় লোকজনদের।

সর্বশেষ নদীভাঙ্গন রোধে গত ১২ফেব্রুয়ারি এলাকাবাসীর পক্ষে চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের পানি সম্পদ মন্ত্রলালয়ের উপদেষ্টার নিকট নদীভাঙ্গন রোধে স্থায়ী প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণের জন্য লিখিত আবেদন করেন।
খোঁজ নিয়ে জানা যায়,নদীর অপরপাশে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের নোয়াগাঁয়ে মেঘনা নদী দখল করে একটি ইটভাটা স্থাপন করেন স্থানীয় জাহের মিয়া।সেই ইটভাটার ইটের টুকরো নদীর পাড়ে ফেলার কারণেই মূলত মেঘনার নদীর পানি প্রবাহের স্বাভাবিক গতি পরিবর্তন হয়ে অপর পাশে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের চকবাজার সংলগ্ন এলাকায় ভাঙনের সৃষ্টি। কিন্তু নদীতে চর সৃষ্টির কারণে ভাঙন দিনে দিনে তীব্রতর হচ্ছে। স্থানীয়দের দাবী, ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি দ্রুত নদী চর কাটা প্রয়োজন। এতে যেমন ভাঙন রোধ হবে, পাশাপাশি নদী পাবে তার স্বাভাবিক গতিপথ।
সরেজমিনে ভাঙনকবলিত এলাকায় গিয়ে জানা যায়, মেঘনা তীরবর্তী শত বছরের ঐতিহ্যের সাক্ষী চাতলপাড় বাজার, চাতলপাড়-চকবাজার,বিভিন্ন মসজিদ, মন্দিরসহ এলাকার একটা বিরাট অংশ বিলীনের আশঙ্কা করছেন সেখানকার বাসিন্দারা। উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রাম, চকবাজার, চাতলপাড় বড় বাজার ও বিলেরপাড়ের শতাধিক দোকান, ফসলি জমি ও বাড়িঘর ইতোমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। পার্শ্ববর্তী ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর ও বালিখোলা কিছু অংশ মেঘনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বাড়িঘর হারিয়ে কেউ কেউ এলাকা ছেড়ে চলে গেছেন। নদীগর্ভে বিলীনের অপেক্ষায় শ্মশান, গোরস্থান, চক বাজার, বসতভিটাসহ শতাধিক স্থাপনা।
এ বিষয়ে চাতলপাড় চকবাজার কমিটির সহ সভাপতি নোয়াব আলী বলেন,১০/১২গ্রামের মানুষ এ বাজারের উপর নির্ভরশীল।নদীভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ নিতে না পারলে অচিরেই এ বাজারটি বিলীন হয়ে যাবে।বাজারের অনেকেরই দোকানপাট নদীতে বিলীন হয়ে যাওয়ায় নি:স্ব হয়ে গেছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো.দিদারুল আলম বলেন,নদীর অপরপাশে চর জাগায় পানির গতিপথ পরিবর্তন হয়েছে।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।তবে নদীভাঙন রোধে যেন দ্রুত সময়ের মধ্যে সমাধান করা যায় তার জন্য আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পানি উন্নয়ন বোর্ডের(পাউবো)নির্বাহী প্রকৌশলী মো.মনজুর রহমান জানান,আশা করছি নদীভাঙ্গন রোধে আগামী সপ্তাহ থেকেই অস্থায়ীভাবে কাজ শুরু করতে পারবো।তবে স্থায়ী সমাধানের জন্য পানিসম্পদ মন্ত্রনালয় থেকে একটা প্রকল্প অনুমোদনের অপেক্ষা রয়েছি।প্রকল্পটি পাশ হলেই কাজ শুরু হবে।



















