নগরকান্দায় রাস্তা কেটে শত্রুতা, ভাইসহ ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- আপডেট সময় : ০১:২৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ১২০ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাভার গ্রামে চলাচলের রাস্তা কেটে বড় ভাই ও প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ এবং আদালতে মামলাও করা হয়েছে।
ভুক্তভোগী মো. আব্দুর রাজ্জাক মিয়া (৪৬) অভিযোগ করে জানান, প্রায় এক যুগ আগে তিনি তার বড় ভাই মো. নেছার আলী মাতুব্বর (৫৬)-এর কাছ থেকে ৩ লাখ টাকার বিনিময়ে ১.৫০ শতাংশ জমি কিনে ২ লাখ ৫০ হাজার টাকা অগ্রীম দেন। বাকি ৫০ হাজার টাকা কিছুদিনের মধ্যে পরিশোধের শর্তে জমির দলিল করে দেওয়ার কথা থাকলেও তা আজও হয়নি।
অভিযোগে আরও বলা হয়, পরে ঐ জমির ওপর দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি মাটির রাস্তা তৈরি করা হয়, যা আশপাশের কয়েকটি বাড়ির একমাত্র চলাচলের পথ। কিন্তু হঠাৎ করে অভিযুক্ত নেছার আলী মাতুব্বর ও তার সহযোগীরা দলবদ্ধ হয়ে রাস্তার মাটি কেটে বড় বড় গর্ত করে এবং বাঁশ ও কলাগাছ ফেলে চলাচলে বাধা সৃষ্টি করে। এমনকি তারা দেশীয় অস্ত্র নিয়ে হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে।
মো. আব্দুর রাজ্জাক বলেন, “আমি ঢাকায় পরিবার নিয়ে থাকি, মাঝে মাঝে বাড়ি আসি। বড় ভাইয়ের কাছে জমির দলিল চাইলে তিনি কালক্ষেপণ করেন। পরবর্তীতে উল্টো আমাদের চলাচলের রাস্তাটি কেটে দেন এবং রাস্তার মাটি নিজের বাড়িতে নিয়ে যান। এতে আমিসহ আশপাশের কেউ চলাচল করতে পারছি না।”
তিনি আরও জানান, এ ঘটনায় ইউপি চেয়ারম্যান, ইউএনও ও থানায় মোট ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং একইসঙ্গে আদালতেও একটি মামলা করেছেন।
অন্যদিকে অভিযুক্ত নেছার আলী মাতুব্বর দাবি করেন, “ওটা আমার কেনা জমি। ছোট ভাই জোর করে রাস্তা তৈরি করেছে। আমি তখন বাধা দিতে পারিনি। এখন শুধু নিজের জমি পরিষ্কার করছি। কোনো টাকা-পয়সা বা জমি বেচাকেনার বিষয় হয়নি।”
এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।




















