নগরকান্দায় কুমার নদে পরিষ্কার অভিযান শুরু: অবৈধ ভেশাল ও স্থাপনা সরানোর নির্দেশ ইউএনও’র
- আপডেট সময় : ১১:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ২০৫ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কুমার নদে শুরু হয়েছে পরিষ্কার অভিযান। বুধবার (১৮ জুন) থেকে শুরু হওয়া এই অভিযানের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ এবং পরিবেশ রক্ষায় নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উপজেলা প্রশাসন জানায়, কুমার নদে স্থাপিত সকল প্রকার ভেশাল জাল, বাঁধ ও অবৈধ স্থাপনাগুলোকে অবিলম্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ জুন ২০২৫, বিকাল ৫টার মধ্যে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে, অন্যথায় প্রশাসন নিজ উদ্যোগে অভিযান চালিয়ে সেগুলো অপসারণ ও বাজেয়াপ্ত করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দীন বলেন, “নদীর স্বাভাবিক গতি ও পরিবেশ রক্ষায় আমরা সবার সহযোগিতা কামনা করছি। যারা অবৈধভাবে নদী দখল করে ভেশাল বা স্থাপনা গড়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নদী রক্ষায় স্থানীয় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।



















