নকল কীটনাশক সার ও ভিটামিন ঔষধসহ তৈরি সরঞ্জাম উদ্ধার আটক ১
- আপডেট সময় : ০৪:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ১২৭ বার পঠিত

ফরিদপুরের মধুখালীতে বিপুল পরিমান নকল কীটনাশক, ছত্রাক নাশক, নকল সার ও ভেজাল ভিটামিন ঔষধসহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানীর নকল প্যাকেটে কীট ও ছত্রাক নাশক প্যাকেজিং করার মালামাল উদ্ধার হয়েছে।
এ ঘটনায় দাউদ মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দাউদ মোল্লাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার বাগাট ইউনিয়নের উত্তর বাগাট গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান স্বনামধন্য কোম্পানীর প্যাকেটে নকল কীট ও ছত্রাক নাশক, নকল খালি প্যাকেট এবং প্যাকেজিং করার মেশিন জব্দ ও জরিমানা করেন, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী,মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময়সহ পুলিশ সদস্যরা
ভ্রাম্যমান আদালতের বিচারক মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল বলেন, আমি জানতে পারি বাগাট ইউনিয়ন উত্তর বাগাট গ্রামে একটি নকল সার ও কীটনাশক, ভিটামিন ভেজাল ঔষধ প্রক্রিয়াজাত করা হচ্ছে এবং বিভিন্ন নামি দামি কোম্পানীর স্টিকার ব্যবহার করে বাজারজাত করা হচ্ছে, এটা সাধারণ কৃষকদের বড় ধরনের ক্ষতি হচ্ছে।
সরেজমিনে এসে বিষয়টি সত্যতা নিশ্চিত করি এবং অপরাধীকে হাতে নাতে ধরতে সক্ষম হয়। ২০০৯ এর (৪৩) নং ধারা অনুযায়ী আসামীকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এবিষয়ে মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী বলেন, আমি তথ্য পেয়েছি নকল ও ভেজাল কীটনাশক ও ভিটামিন ঔষধ প্রক্রিয়াজাত করা হয়, এবং অপরাধীকে হাতে নাতে ধরার জন্য গ্রাম পুলিশের সহযোগিতা নেয় এবং নকল কীটনাশক ভেজাল ভিটামিন ঔষধ ও বিভিন্ন কম্পানীর নকল সিল ও সকল তৈরীকৃত সরঞ্জাম উদ্ধার করি।



















