নওগাঁয় বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ০৮:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ৯৯ বার পঠিত

নওগাঁর মান্দায় বজ্রপাতে বাবুল হোসেন (৩৫) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকহরিনারায়ণপুর গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বাবুল হোসেন চকহরিনারায়ণপুর গ্রামের দিলবর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার চকহরিনারায়ণপুর গ্রামের মাঠে ধানকাটার কাজ করছিলেন বাবুল হোসেন। দুপুরে পশ্চিম আকাশ কালো মেঘে ঢেকে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শ্রমিক বাবুল হোসেনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মান্দা থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক কাজী বলেন, পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে নিহত বাবুল হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




















