ধ-র্ষ-ণ-চে-ষ্টা মামলার দুই আসামিসহ পাঁচজন গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৬২ বার পঠিত

রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণচেষ্টা মামলার দুই আসামিসহ জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৯ মে) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ এর দিকনির্দেশনায় থানা পুলিশের একাধিক টিম পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই সোহেবুর রহমান, এসআই মো. সাহাবুদ্দিন খান, এসআই মো. মোস্তাফিজুর রহমান, এএসআই আবুল হাসেম, এএসআই মশিউর রহমান ও এএসআই নুর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালান।
অভিযানে ধর্ষণচেষ্টা মামলার আসামি মহারাজপুর এলাকার মো. নিকবার শেখ (৫০) ও রামকান্তপুর মধ্যেপাড়া এলাকার রেজাউল ইসলাম লাকুকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
এছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত আসামি নবগ্রামের এনামুল মিয়া (৩০) ও হাওলী জয়পুর এলাকার সাইমুন হাসান ওরফে সোহানকে (৩১) আটক করা হয়। একইসঙ্গে সিআর ওয়ারেন্টভুক্ত সমেশপুর এলাকার মো. পিয়াস শেখকেও গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাজবাড়ী সদর থানা পুলিশ।




















