ধর্ষণচেষ্টার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মশাল মিছিল
- আপডেট সময় : ০২:৫৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৭৯ বার পঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। একইসঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে পাঁচ দফা দাবি জানিয়েছেন তারা।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘টারজান পয়েন্ট’ এলাকায় নারী শিক্ষার্থীরা প্রথমে জড়ো হন। পরে মশাল হাতে একটি প্রতিবাদ মিছিল বের করেন তারা। এ সময় সংহতি জানিয়ে ছেলে শিক্ষার্থীরাও পৃথক বিক্ষোভ মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন।
বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডক্টর অফিস ও প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার এবং সার্বিক নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।




















