দৌলতপুরে ভাইয়ের দা-এর কোপে যুবক নি-হ-ত
- আপডেট সময় : ০৮:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৭২ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের দা-এর কোপে রাসেল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রাসেল হোসেন তাজপুর গ্রামের আহাদ আলীর ছেলে। এ ঘটনায় তার ছোট ভাই ইমরান হোসেন (২৭) জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, রাসেল দীর্ঘদিন ধরে মাদক সেবনে আসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। মাদক সেবনের জন্য টাকা চাওয়া নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো।
শুক্রবার বিকেলেও টাকা চাওয়াকে কেন্দ্র করে রাসেলের সঙ্গে ছোট ভাই ইমরানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ইমরান দা দিয়ে রাসেলকে কোপ দেন বলে স্থানীয়দের দাবি। এতে রাসেলের পা ও পেটে গুরুতর জখম হয়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
আপন ভাইয়ের হাতে ভাই নিহত হওয়ার ঘটনায় তাজপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, মাদক সেবনকে কেন্দ্র করে পরিবারটিতে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত পরিস্থিতি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


















