দৌলতপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৬ জন পেলেন সম্মাননা
- আপডেট সময় : ০১:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৫৬ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তহিদুল হাসান (তুহিন), দৌলতপুর প্রেস ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম (শাহীন), দৌলতপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়ার আলী এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) শহিদা খাতুন।
বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা এবং জনসংখ্যা ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এ লক্ষ্যে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে দৌলতপুর উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় এফডব্লিউভিসহ মোট ৬ জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















