দৌলতপুরে পেট্রোল–অকটেন সংকট, মজুদ ও পাচারের অভিযোগ
- আপডেট সময় : ১০:২৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১২৮ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অধিক মুনাফার আশায় মোটরসাইকেলের পেট্রোল ও অকটেন মজুদ ও পাচারের অভিযোগ উঠেছে। এর ফলে সাধারণ মোটরসাইকেল আরোহীরা প্রয়োজনীয় তেল না পেয়ে ভোগান্তিতে পড়ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ বাজারে রিপেল ও রুবেল নামের দুই ভাইয়ের একটি তেলের ডিলার পয়েন্টে বিপুল পরিমাণ পেট্রোল ও অকটেন মজুদ রাখার অভিযোগ ওঠে। বিষয়টি এলাকার লোকজন দৌলতপুর উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার ঘটনাস্থল পরিদর্শনে যান।
তবে তিনি হোসেনাবাদ বাজারে গিয়ে রিপেলের দোকান বন্ধ পান। পরে রিপেল ও তার ভাই রুবেলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তারা প্রশাসনকে দুপুরের পর আসার অনুরোধ করেন এবং জানান, তাদের পরিবারের একজন সদস্য হাসপাতালে ভর্তি আছেন।
এরপর সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার সেখান থেকে ফিরে আসেন। স্থানীয়দের অভিযোগ, এরপর এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
অন্যদিকে একই দিনে মথুরাপুর বড় বাজারে হাসিবের তেলের ডিলার পয়েন্টে গিয়ে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী চড়া মূল্যে মোটরসাইকেলের পেট্রোল ও অকটেন বিক্রি করছেন। সাধারণ ক্রেতাদের কাছে তেল বিক্রি করা হলেও একেকজনকে ২০ থেকে ৩০ লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না বলে জানা গেছে।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রশাসনের বিশেষ নজরদারিতে রয়েছে।




















