দেশে চলমান অবরোধে নাশকতা রক্ষাই গোয়ালন্দের বিভিন্ন স্থানে আনসার বাহিনীর টহল
- আপডেট সময় : ০৮:৫৬:২০ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ৫০৩ বার পঠিত

রেল, সড়ক ও নৌপথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে পুলিশ, বিজিবির পাশাপাশি বাংলাদেশ আনসার বাহিনী সক্রিয় ভূমিকা রাখছে। তারই ধারাবাহিকতায় রবিবার (৫ নভেম্বর) থেকে ৪৮ ঘন্টার অবরোধে গোয়ালন্দ বাজার রেল স্টেশন ও দৌলতদিয়া রেলস্টেশনসহ ঘাটের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব পালন করছে গোয়ালন্দ উপজেলার ভাতাভোগী আনসার ও ভিডিপি কমান্ডারবৃন্দ।

রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান রাশেদের দিক নির্দেশনায় গোয়ালন্দ রেল স্টেশন, দৌলতদিয়া রেল স্টেশন, ফেরিঘাট ও লঞ্চঘাটের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আনসার বাহিনী। বিশেষ করে রেললাইনে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সতর্কভাবে তারা দৃষ্টি রাখছেন।
উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মো. ইমদাদুল হক পলাশ, সহকারী কোম্পানী কমান্ডার আবুল কাশেম, উজানচর ইউনিয়ন দলনেতা মিলন মোল্লা, পৌর ২ নম্বর ওয়ার্ড দলনেতা মান্নান সরদার ও ভিডিপি সদস্য হেলাল আহম্মেদ দৌলতদিয়া ঘাটসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন।
দৌলতদিয়া রেল স্টেশন ও ফেরিঘাটে দায়িত্বরত অবস্থায় উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মোঃ ইমদাদুল হক পলাশ বলেন, আমরা মানুষের জানমাল নিরাপত্তায় প্রস্তুত রয়েছি। দেশে চলমান অবরোধে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আমরা নজরদারি করছি। যেকোনো ঘটনা মোকাবেলা করতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।



















