দেবহাটায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিক্ষক ও আয়া আটক, আদালতে প্রেরণ
- আপডেট সময় : ১১:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ২৪১ বার পঠিত

সাতক্ষীরার দেবহাটায় অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার ব্যানার্জী ও একই বিদ্যালয়ের আয়া জান্নাতুল ফেরদৌসকে স্থানীয় জনতা আটক করে থানায় সোপর্দ করেছে। ঘটনার পর পুলিশ তাদেরকে আটক করে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করেছে।
জানা যায়,দীর্ঘদিন ধরে এই দুইজনের মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল, যা বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ও ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছিল। পূর্বেও তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছিল, তবে তারা সেই সতর্কবার্তা উপেক্ষা করে সম্পর্ক চালিয়ে যান। ফলে আয়ার পারিবারিক অশান্তি দেখা দিলে তিনি কুলিয়া আশু মার্কেটে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)রাত ১০টার দিকে ঐ ভাড়া বাসা থেকে স্থানীয় জনতা শিক্ষক ও আয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহবায়ক ও দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল জানান, তাদের অনৈতিক কর্মকাণ্ডের কারণে উভয়কে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি হাবিবুর রহমান মাসুমকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন শিক্ষক আমিরুল ইসলাম ও শিক্ষক হাসান রেজা মুকুল। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উভয়কে আটক করে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”



















