তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৬৩ বছরের রহিম উদ্দিন
- আপডেট সময় : ০১:৩৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৯১ বার পঠিত

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে রহিম উদ্দিন ওরফে ভাকরা (৬৩) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রহিম উদ্দিন ওই এলাকার সোলাগাড়ি মৌজার বাসিন্দা। তিনি পেশায় নারিকেল গাছের ডাল পরিষ্কার করতেন।
প্রত্যক্ষদর্শী নুর মোহাম্মদ জানান, তিনি ও রহিম উদ্দিন পাশাপাশি ঝটকা জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় রহিম উদ্দিনের জাল নদীর ধারে ভারী খরকুটায় আটকে যায়। জাল ছাড়াতে নদীতে নামলে তিনি আর উঠতে পারেননি। নুর মোহাম্মদ তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে পাননি। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রংপুর থেকে ডুবুরি দলকে ডাকে। ডুবুরি দল চার ঘণ্টা অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।




















