তিন বছর সাত মাস পর শপথ নিলেন ইউপি সদস্য বাচ্চু মিয়া
- আপডেট সময় : ০১:০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ২৩০ বার পঠিত

তিন বছর সাত মাস আইনি লড়াই শেষে অবশেষে শপথ নিলেন মোহাম্মদ বাচ্চু মিয়া। সোমবার (৭ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ইউএনও মো. শাহিনা নাসরিনের কাছে তিনি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
মোহাম্মদ বাচ্চু মিয়া উপজেলার ভলাকুট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বলিখোলা গ্রামের বাসিন্দা। তিনি ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তবে ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী মো. তৈয়ব হোসেন জয়লাভ করেন, যিনি নির্বাচনকালীন সময়ে একজন ফেরারি আসামি ছিলেন।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ফেরারি আসামি নির্বাচনে অংশ নিতে পারেন না। বিষয়টি বাচ্চু মিয়া তখন কমিশনকে জানালেও রহস্যজনক কারণে তৈয়ব হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং তিনি নির্বাচিত হন। পরবর্তীতে বাচ্চু মিয়া আদালতে মামলা করেন।
তিন বছর সাত মাস পর আদালতের রায়ে বিজয়ী ঘোষণা করা হয় বাচ্চু মিয়াকে। সে অনুযায়ী সোমবার সকালে তাকে আনুষ্ঠানিকভাবে শপথ পড়ানো হয়।
স্থানীয় বাসিন্দা জয়নাল বলেন, “বাচ্চু মিয়া এর আগেও দুইবার মেম্বার ছিলেন। এই নিয়ে তিনি তৃতীয়বার মেম্বার হলেন। আমরা গ্রামবাসী খুব খুশি।”
শপথ নেওয়ার পর প্রতিক্রিয়ায় বাচ্চু মিয়া বলেন, “আদালতের রায়ে আমি সন্তুষ্ট। দীর্ঘ সময় পরে হলেও শপথ নিয়ে আমি খুশি।”
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন জানান, “আদালতের রায়ের প্রেক্ষিতে মো. বাচ্চু মিয়াকে ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে শপথ করানো হয়েছে।”



















