তজুমদ্দিনে গণধর্ষণ মামলার ৪ আসামী গ্রেফতার, জেলা পুলিশের প্রেস বিফ্রিং
- আপডেট সময় : ১০:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১৬০ বার পঠিত

ভোলার তজুমদ্দিন উপজেলার গণধর্ষণ মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর বিভিন্ন ইউনিট।
বৃহস্পতিবার (৩ জুলাই)বিকাল ৩ টায় ভোলা জেলা পুলিশ সুপারের সভা কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার (প্রশাসন ও অর্থ) এ বিষয়ে প্রেস বিফ্রিং করেন।
গত ২৮ জুন রাতে তজুমদ্দিন উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়নের মাওলানাকান্দি ৪নং ওয়ার্ডস্থ এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩০ জুন ভিকটিমের স্বামী মোঃ আলাউদ্দিন (৪০) বাদী হয়ে তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলানং-১০, ঘটনার পরপরই ভোলা জেলা পুলিশ আসামীদের গ্রেফতার করার জন্য ব্যাপক অভিযান পরিচালনা করে।
ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং সহকারী পুলিশ সুপার তজুমদ্দিন সার্কেল এর তত্ত্ববধানে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম ২নং আসামী মোঃ ফরিদ উদ্দিন (৩০) কে গতকাল রাত ১টা ৩০মিনিটের সময় বোরহানউদ্দিন থানাধীন বড়পাটা এলাকা থেকে এবং ১নং আসামী মোঃ আলাউদ্দিন (৪০) কে নোয়াখালী জেলার হাতিয়া থানা থেকে রাত ২টায় গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ইতিপূর্বে গত ৩০ জুন এজাহারনামীয় ৩নং আসামী মোসাঃ ঝর্ণা বেগম (৪০) কে তজুমদ্দিন থানাধীন মাওলানাকান্দি এলাকা হতে এবং ২ জুন ৫নং আসামী মোঃ মানিক (৩৫) কে ভোলা সদর মডেল থানাধীন ইলিশা ঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত এই মামলার এজাহারনামীয় মোট ৪জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সোপর্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বাকি পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। ভোলা জেলা পুলিশ জনগণের নিরাপত্তা ও নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী।



















