ঢাবিতে ফরিদপুরের শিক্ষার্থীদের জন্য ফ্রি আবাসন ও কোচিং চান ডাকসু সম্পাদক জসিম
- আপডেট সময় : ০৭:৪৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৪৪ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ফরিদপুরের শিক্ষার্থীদের জন্য ফ্রি আবাসন ও কোচিংয়ের ব্যবস্থা করতে চান ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন খান।
শনিবার (৪ অক্টোবর) রাতে সদরপুরের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ উদ্যোগের কথা জানান।
জসিম বলেন, ঢাবিতে ফরিদপুর অঞ্চলের শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ঢাবির বাস ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব দেবেন, যাতে শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারে। তিনি আরও জানান, বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে উদ্যোগটি বাস্তবায়ন করবেন।
তিনি বলেন, “এখন যোগ্যতার ভিত্তিতে হলে সিট দেওয়া হচ্ছে, ক্যান্টিনে খাবারের মান উন্নত হয়েছে, ঠান্ডা পানি ও ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের জোর করে মিছিলে নেওয়া বন্ধ হয়েছে, র্যাগিং বন্ধ হয়েছে। শিগগিরই প্রতিটি হলের রিডিং রুমে এসির ব্যবস্থা করা হবে। আমরা পাঁচ মাসের মধ্যেই শিক্ষার্থীদের জন্য প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করব।”
উল্লেখ্য, জসিম উদ্দিন খান চলতি বছরের ১৮ জুলাই শেখ হাসিনার সরকারবিরোধী আন্দোলনের সময় ঢাকার রামপুরায় বাম চোখে গুলিবিদ্ধ হন। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি আন্তর্জাতিক সম্পাদক পদে (ব্যালট নং ৪) ৯ হাজারের বেশি ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামের আহম্মদ আলী খানের ছেলে।
মতবিনিময় সভায় বাংলা টিভির নুরুল ইসলাম, দৈনিক ইনকিলাবের কবির হোসাইন, ভোরের ডাকের আবুল বাসার মিয়া, এই বাংলার মুফতি জাকির হোসাইন ফরিদী, আমাদের সময়ের প্রভাত কুমার সাহা, আজকের খবরের বিল্লাল হোসেন টিটু, ঢাকা টাইমসের এস এম মামুনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




















