ডুমুরিয়ায় বোরো ধান কাটার ব্যস্ত সময় পার করছে কৃষকরা
- আপডেট সময় : ০৬:৩৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ২৯০ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে সুখের হাসি আর মনে বইছে উচ্ছ্বাস আর আনন্দ।
কৃষকরা স্বপ্নের ফসল ঘরে তুলতে তোড়জোড় শুরু করেছেন।প্রতিবছরের ন্যায় এবারও ডুমুরিয়া উপজেলায় মাঠে মাঠে চলছে বোরো ধান কাটার উৎসব।
প্রান্তিক কৃষকেরা কাকডাকা ভোর থেকে ধান কেটে নিয়ে এসে আধুনিক যন্ত্র দিয়ে মাড়াই দিচ্ছেন। কেউ মাড়াইকৃত ক্ষেতের ফসল গোলায় তোলায় ব্যস্ত সময় পার করছেন।
এবার ডুমুরিয়া উপজেলায় অধিকাংশ কৃষি জমিতে বোরো চাষ হয়েছে। তবে কালবৈশাখী ঝড়ের আতঙ্কে রয়েছেন কৃষকরা। ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে ক্ষেতের ফসল। তাই ঝড়ের আশঙ্কায় পাকা আধা-পাকা ধান কেটে ঘরে তোলার ব্যস্ত সময় পার করছেন তারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৮০ শতাংশ ধান উত্তোলন করতে পেরেছেন কৃষকেরা। প্রাকৃতিক অবস্থা ভালো থাকলে অন্যান্য জমির ধান কেটে ঘরে তুলতে পারবেন বলে জানান কৃষকেরা ।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন জানান,অন্যান্য বছরের তুলনায় চলতি মৌসুমে বিলডাকতিয়াসহ কয়েকটি বিলে জলাবদ্ধতার কারণে বোরো আবাদ কম হলেও, এ মৌসুমে বৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয় না থাকায় বোরো উৎপাদনে বাম্পার ফলন হওয়ায় পুষিয়ে যাবে।
বোরো ধান কাটার মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা নির্বিঘ্নে ধান ঘরে তুলতে পারবেন।এছাড়া সরকার এবার কৃষকদের নিকট থেকে ন্যায্য মূল্যে বোরো ক্রয় করারও সিদ্ধান্ত নিয়েছে। আশা করা হচ্ছে, ডুমুরিয়া উপজেলার কৃষকেরা এবার ধানের ন্যায্য মূল্য পাবেন।।




















