ডিম ভেজে খাওয়ার জন্য ভাঙলে বেরিয়ে আসে সাপের বাচ্চা
- আপডেট সময় : ০৮:৫৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ ১৯৪ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুরে হাঁসের ডিম ভেজে খাওয়ার জন্য ভাঙলে তার ভেতর থেকে সাপের বাচ্চা বের হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উপজেলার থেতরাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হারুনেফড়া এলাকার, ফিরোজ আলমের বাড়িতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী আসাদুল, আছমা বেগম, ফুল মালা, বিপুলসহ অনেকেই বলেন, প্রতিবেশী ফিরোজ আলমের বাড়িতে হঠাৎ চিৎকার শুনে তারা এগিয়ে এসে দেখেন বাটিতে ডিমের কুসুমের সঙ্গে একটি সাপের বাচ্চা।

এ সময় ফিরোজ আলমের স্ত্রী কহিনুর বেগম (২৭) বলেন, তার চারটি হাঁস রয়েছে। হাঁসগুলো ডিম পাড়া শুরু করেছে। হাঁসের আবাসস্থল (খোয়াড়া) থেকে একটি ডিম বের করে এনে ফ্রিজে রাখেন। পরদিন সন্তানকে তা ভেজে খাওয়ানোর জন্য ডিমটি ভেঙে বাটিতে নিলে, তিনি দেখতে পান একটি সাপের বাচ্চা। এ সময় তিনি ভয় পেয়ে-চিৎকার শুরু করেন।
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ডিমের ভেতর থেকে সাপের বাচ্চা বের হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তা দেখার জন্য ভিড় জমায়। পরে সবার উপস্থিতিতে সাপের বাচ্চাটি পুড়িয়ে ফেলা হয়।
সাপ দেখতে আসা অনেকের ধারণা, হাঁসের খোয়াড়ে সাপ ডিম পেড়ে থাকতে পারে। ওই ডিমের আকারটি হাঁসের ডিমের মতোই ছিল। সে কারণে সবাই বলছে হাঁসের ডিমের ভেতরে সাপের বাচ্চা; কিন্তু এটি তো সম্ভব না।থেতরাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য শান্তনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক বলেন, বিষয়টি আমাদের জানানো হয়নি। তবে হাঁসের ডিম থেকে সাপের বাচ্চা বের হওয়া সম্ভব না। ওই খোয়াড়া থেকে যে ডিমটি নেওয়া হয়েছিল সেটি সাপের ডিম ছিল। কারণ বাসাবাড়িতে গোখরাসহ বিভিন্ন সাপ বিচরণ করে থাকে।



















