ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণীর স্কুল শিক্ষার্থীর
- আপডেট সময় : ০৮:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ১১৯ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রেনের ধাক্কায় মিম আক্তার (৬) নামে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
আজ বুধবার সকালে উপজেলার ডাংগি ইউনিয়নের বাসাগাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী শ্রীঙাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ও বাশাগাড়ী গ্রামের উজ্জ্বল শিকদারের মেয়ে। মিম আক্তার বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিম নিজ বাড়ী থেকে রেল লাইনে পাশ দিয়ে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। এ সময় ভাঙ্গাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সিড়িতে ধাক্কা লেগে পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিম মারা যায়।
মিমের বাবা উজ্জল শিকদার বলেন, আমার মেয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিল। রেল লাইনের পাশ দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিলেন। ট্রেনের হর্ণ শুনতে না পাওয়ায় আমার মেয়েটা মারা গেল।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি যেহেতু রেলের তাই এ ঘটনার সকল প্রক্রিয়া রেল পুলিশের।
এব্যাপারে বাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















