গোয়ালন্দে ফ্যাশন হাউজে অগ্নিকাণ্ড, ১৫ লক্ষ টাকার ক্ষতি
- আপডেট সময় : ০৪:৪২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ২৪৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলার নছর উদ্দিন সরদার পাড়ায় অবস্থিত হাবিব ম্যানশনের ‘জমজম ফ্যাশন হাউজ’ নামের একটি কাপড়ের দোকানে আগুন লাগে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দোকানে লাগানো একটি ফ্যান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকানের মালিক শামীম ব্যাপারী বলেন, “রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্যানটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ধারণা করছি, ফ্যান থেকেই শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।”
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, “ঘটনার খবর পেয়েই আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে, তবে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দ্রুত সহযোগিতায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



















