গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১০৫ বার পঠিত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।
গত মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে বৃষ্টি উপেক্ষা করে জেলা স্বেচ্ছাসেবক দল দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাসমি দিপু।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোয়েব হক্কানীসহ জেলা ও সাত উপজেলার বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, দেশে এখন পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলা হচ্ছে। এ অবস্থার বিরুদ্ধে দলের নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।


















