খুলনায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে যুবক নিহত
- আপডেট সময় : ১১:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ১৬৩ বার পঠিত

খুলনায় নগরীর গোবরচাকায় প্রতিপক্ষের গুলিতে ইমন শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত ইমন নগরীর নবীনগর এলাকার সানোয়ার শেখের ছেলে। পেশায় সে রং মিস্ত্রী ছিল।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক প্রতিপক্ষের গুলিতে ইমনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর গোবরচাকা তালুকদার লেনের গাবতলা মোড়ের ভাজাওয়ালা গলির মোহাম্মদ খাঁর বাড়ির সামনে ৫/৬টি মোটর সাইকেলে ১০/১২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এসে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।
এ সময় একটি গুলি ইমন এর বুকের বাম পাশে বিদ্ধ হয়। এতে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



















