কালুখালীতে প্যানেল চেয়ারম্যানের হাতে ইউপি সদস্য প্রহৃত
- আপডেট সময় : ০৯:১৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৫৭ বার পঠিত

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজ্জাক ফকিরের বিরুদ্ধে ইউপি সদস্য আনোয়ার হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার রায়নগর স্লুইচগেট বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে শনিবার কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়, কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজ্জাক ফকির শুক্রবার বিকেলে উপজেলার রায়নগর স্লুইচগেট বাজারে একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেনের উপর অতর্কিত হামলা করে।
এসময় রাজ্জাক ফকিরের সাথে নাঈমুল ফকির, রেজাউল ফকির ও শুকুর আলী একযোগে অতর্কিত হামলা করে। হামলার সময় আনোয়ার হোসেনের কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও একটি ২৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন হামলাকারীরা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। হামলায় সে গুরুত্বর জখম হয়। পরে স্থানীয়রা আহত ইউপি সদস্য আনোয়ার হোসেনকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য সাংবাদিকদের বলেন, রাজ্জাক ফকির প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই কোনো ইউপি সদস্যর সাথে পরামর্শ না করে বিভিন্ন বিল উত্তোলন ও কাজকর্ম করে যাচ্ছে। আমরা সকলে মিলে প্রতিবাদ করার কারণে ইউপি সদস্য আনোয়ার হোসেনের উপরে সে হামলা করে। এখন আমরাও নিরাপত্তাহীনতায় ভুগছি। এ হামলার সঠিক বিচারের দাবি জানাই।
হামলার ব্যাপারে প্যানেল চেয়ারম্যান রাজ্জাক ফকির বলেন, সে রায়নগর স্লুইচগেট বাজারে বিএনপিকে নিয়ে আজেবাজে কথা বললে শুকুরের সাথে কথা কাটাকাটি হয়। এসময় আমি ঘটনাস্থলে গিয়ে নিষেধ করলে আমার উপরে চড়াও হলে স্থানীয়রা তাকে আঘাত করে। সে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। পরে তাকে কালুখালী হাসপাতালে পাঠানো হয়েছে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, অভিযোগটি তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















