ঈদে স্ত্রীকে গোস্ত কিনে দিতে না পারায় চিরকুট লিখে স্বামীর আত্নহত্যা!
- আপডেট সময় : ১০:২১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ২১৫ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) নামে এক যুবক।
শুক্রবার (১২ এপ্রিল) সকালে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে এঘটনা ঘটে।
নিহত হাসান আলী বান্দের পাড় গ্রামের রহমত আলীর ছেলে। সে রাজমিস্ত্রী হিসেবে কাজ করতো।
পুলিশ জানায়, হাসান আলী প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যান। শুক্রবার শশুর বাড়ি থেকে স্ত্রী আফরোজা বেগমকে নিজ বাড়িতে আনার কথা ছিল হাসানের। সকাল ১১ টা পর্যন্ত শশুর বাড়িতে না যাওয়ায় তার স্ত্রী আফরোজা বেগম পাশের গ্রাম জোলা পাড়া থেকে স্বামী হাসানের বাড়িতে যান এবং ঘরের দরজা বন্ধ দেখতে পান। এসময় তিনি ঘরের বেড়ার ফাঁক দিয়ে হাসান আলীকে ঘরের আরার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে স্থানীয়ভাবে জানাজানি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটির উদ্ধার করে। এসময় পাশে একটি চিঠি দেখতে পায় পুলিশ।
চিঠিতে হাসান আলী লিখেছে, ‘মা-বাবা তোমরা ক্ষমা করে দিও। আমি মরার পরে আমার বৌ বাচ্চাকে দেখে রেখো। আমি জানি আমার বৌ আমার সাথে রাগ করছে। ঈদের জন্য সবাই গুছ (গোস্ত) খাইছে, কিন্তু আমি গুছ খাওয়াইতে পারিনাই। আমি আমার বৌয়ের মুখ ঈদের দিন বেজার দেখছি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ‘
তিনি আরও লিখেন, ‘তার স্ত্রী আফরোজা বেগমকে অনেক ভালবাসেন এবং তাকে ও তার সন্তানকে দেখে রাখার জন্য নিজ বাবা-মার প্রতি অনুরোধ করেন।’
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, অভাব-অনটনের কারণে সেই ব্যক্তি এই কাজ করতে থাকতে পারে। পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।




















